মহান বাহা’উল্লাহ্র জন্মদিনের ফলকলিপি-১ (#8482)

তিনিই পরম পবিত্র, পরম প্রশংসিত, সর্ব-মহান।”
	জন্মদিন উৎসবটি আসিয়াছে এবং যিনি ঈশ্বরের সুষমা, সর্ব-ক্ষমতাশীল, সর্ব-বাধ্যকারী, সর্ব- প্রেমময়, তাঁহার সিংহাসনে আরোহণ করিয়াছেন। মঙ্গল তাহার-ই যে এই দিবসে তাঁহার উপস্থিতি লাভ করিয়াছে যাহার প্রতি বিপদে সহায়, স্বয়ং-সত্তাশীল ঈশ্বরের স্থির দৃষ্টি চালিত হইয়াছে। বল: আমরা এই উৎসব পরম মহান কারাগারে উদ্যাপন করিয়াছি এইরকম সময়ে যখন পৃথিবীর রাজন্যবর্গ আমাদের বিরুদ্ধে উত্থিত হইয়াছে। তথাপি অত্যাচারীদের প্রাধান্য কখনো আমাদিগকে প্রতিহত করিতে পারিবে না, অথবা পৃথিবীর জনমন্ডলী আমাদিগকে হতাশ করিতে পারিবে না। ইহার প্রতি এই পরম মহান মর্যাদায় সর্ব-করুণাময় সাক্ষ্য বহন করিতেছেন।
	বল: নিশ্চয়তার উৎকৃষ্ট নিদর্শন পৃথিবীর জনগণের উচ্চ কলরবের সম্মুখে কি হতাশ হইবে? না, তাঁহার সুষমার শপথ, যাহা ইহার ঔজ্জ্বল্য সকলের উপর বিকীর্ণ করে যাহা ছিল এবং সকলের উপর যাহা থাকিবে! সত্য সত্যই, এই হইতেছে পরম প্রভুর মহিমা যাহা সমগ্র সৃষ্টিকে বেষ্টন করিয়াছে, এবং এই হইতেছে তাঁহার সর্বাতিক্রমী ক্ষমতা যাহা তাহাদের সকলকে ভেদ করিয়াছে যাহারা দেখিতে পায় এবং সকলকে যাহা দেখিতে পাওয়া যায়। তাঁহার সার্বভৌম শক্তির রজ্জু দৃঢ়ভাবে ধারণ কর এবং তোমাদের পরম প্রভুর উল্লেখ কর, যিনি স্বাধীন, এই উষাকালে যাহার আলো প্রত্যেক নিহিত রহস্য প্রকাশ করিয়াছে। এইরূপে দিবসসমূহের সনাতনের জিহ্বা এই দিবসের কথা বলিয়াছেন যখন উৎকৃষ্ট মদিরার সীলমোহর ভাঙ্গিয়া ফেলা হইয়াছে। সতর্ক হও যেন তাহাদের বৃথা কল্পনাগুলি যাহারা ঈশ্বরে অবিশ্বাস করিয়াছে তোমাদিগকে বিচলিত না করে, অথবা তাহাদের অলস কল্পনাগুলি তোমাদিগকে এই প্রসারিত পথ হইতে নিবৃত না করে। 
	হে বাহা’র জনমন্ডলী! তোমাদের পরম প্রভুর ভালবাসার আব্হমন্ডলে নিরাসক্তির ডানায় উড্ডীন হও, যিনি সর্ব-করুণাময়। অতঃপর তাহাকে বিজয়ী করিতে উত্থিত হও, সংরক্ষিত ফলকলিপিতে যেইরূপ আদেশ করা হইয়াছে। সতর্ক হও যেন তোমরা আমার ভৃত্যদের কাহারো সহিত বিবাদ না কর। তাহাদের উপর ঈশ্বরের মিষ্ট সুগন্ধিসমূহ এবং তাঁহার পবিত্র উচ্চারণসমূহ প্রদান কর, কারণ উহাদের শক্তির মাধ্যমে সকল মানুষ তাঁহার প্রতি মুখ ফিরাইতে সক্ষম হইবে।
	যাহারা এই দিবসে ঈশ্বর সম্বন্ধে অমনোযোগী রহিয়াছে তাহারা যথার্থ-ই তাহাদের আকাঙ্খাগুলির মত্ততায় দিশেহারা হইয়াছে এবং ইহা উপলব্ধি করে না। মঙ্গল তাহার-ই যে, বিনয় ও বিনম্রতা সহকারে, তাহার পরম প্রভুর শ্লোকসমূহের প্রভাতের দিকে তাহার মুখমন্ডল স্থাপন করে।
	তোমাদের জন্য উপযুক্ত হইবে উত্থিত হওয়া এবং জনগণকে উহার সহিত পরিচিত করা যাহা তাহাদের পরম প্রভুর গ্রন্থে প্রেরিত হইয়াছে, যিনি সর্বশক্তিমান, স্বাধীন। বল : তোমরা ঈশ্বরকে ভয় কর এবং তাহাদের অলস কল্পনাগুলির প্রতি মনোযোগ দিও না যাহারা সন্দেহ ও অন্যায়ের পথে বিচরণ করে। তোমাদের পরম প্রভুর সিংহাসনের দিকে তোমরা উজ্বল হৃদয়গুলি সহকারে মুখ ফিরাও, যিনি সকল নামের অধিকারী। সত্য সত্যই, তিনি সত্যের শক্তির মাধ্যমে তোমাদিগকে সাহায্য করিবেন। তিনি ব্যতীত অন্য কোন ঈশ্বর নাই, যিনি সর্বশক্তিমান, পরম বদান্যতাপূর্ণ। 
	তোমরা কি কেবল একটি পুকুরের প্রতি অগ্রসর হইবে, যখন তোমাদের চক্ষুগুলির সম্মুখে পরম মহান মহাসাগর প্রসারিত রহিয়াছে? তোমরা ইহার প্রতি সম্পূর্ণরূপে মুখ ফিরাও, এবং প্রতিটি বিশ্বাসহীন প্রতারকের পদাঙ্কগুলি অনুসরণ করিও না। এইরূপে চিরন্তনের পক্ষী আমাদের ঐশ্বরিক লোট-বৃক্ষের শাখাগুলির উপর কম্পিত সুরে গান করিতেছে। ঈশ্বরের শপথ! ইহার সুরসমূহের একটি মাত্র ঊর্ধ্বরাজ্যের সমাবেশকে এবং তাহাদিগকে ছাড়াইয়া নামাবলীর নগরসমূহের অধিবাসীগণকে, এবং তাহাদিগকে ছাড়াইয়া যাহারা প্রভাতে ও সন্ধ্যায় তাঁহার সিংহাসনের চতুর্দিকে প্রদক্ষিণ করে তাহাদিগকে পরমানন্দিত করিতে পর্যাপ্ত। 
	এইরূপে উচ্চারণের বর্ষণসমূহ তোমাদের পরম প্রভুর ইচ্ছার স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, যিনি সর্ব-করুণাময়। তাহাদের নিকটবর্তী হও, হে জনমন্ডলী, এবং তাহাদিগকে পরিত্যাগ কর যাহারা অলসভাবে শ্লোকসমূহের বিরোধিতা করে যেগুলি ঈশ্বর অবতীর্ণ করিয়াছেন, এবং যাহারা তাহাদের পরম প্রভুকে অবিশ্বাস করিয়াছে যখন তিনি প্রমাণ ও সাক্ষ্যসমূহ দ্বারা ভুষিত হইয়া আসিয়াছিলেন।	 (“আইয়্যাম-ই-তিসিহ”, পৃষ্ঠা ৪৫-৪৭)

-Bahá'u'lláh
-----------------------

